দেশের তিনটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ‘বিগল বয়েজ’ নামের বৈশ্বিক হ্যাকার গ্রুপের ম্যালওয়ারের অস্তিত্ব শনাক্ত করেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ড রেসপন্স টিম (সার্ট)।
এ বিষয়ে সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, ‘বাংলাদেশে তিনটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ‘বিগল বয়েজ’ হ্যাকার গ্রুপের ম্যালওয়্যার পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) বলা হয়েছে।’
এর আগে গত ২৭ আগস্ট গ্রুপটির হামলাচেষ্টার বিষয়ে সতর্কবার্তা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সতর্কতা জারির পর ব্যাংকগুলো সাইবার হামলা ঠেকাতে নানা ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি অনলাইন ও এটিএম (অটোমেটেড টেলার মেশিন) সেবা সীমিত করেছে।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কের মাধ্যমে ম্যালওয়ারগুলো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সার্টের কর্মকর্তারা।
শনাক্ত হওয়া ম্যালওয়্যার পর্যবেক্ষণে দেখা গেছে, হ্যাকার গ্রুপটি পয়েন্ট অব সেলস (পিওএস), এটিএম লেনদেন ও এটিএমে অর্থের স্থিতি অনুসন্ধানের চেষ্টা করছে। এ কারণে সার্টের ওয়েবসাইটে গতকাল রাতেই জরুরি সতর্কবার্তা বা অ্যালার্ট দেওয়া হয়। সেখানে এক বার্তায় সম্ভাব্য বেশ কিছু ফাইলের নাম উল্লেখ করা হয়। এসব ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর আশঙ্কা করছে সার্ট।
হ্যাকারদের ভয়ে অনেক ব্যাংক এটিএম ও অনলাইন ব্যাংকিং কার্যক্রম রাতে বন্ধ রেখেছে। বেশির ভাগ ব্যাংক কার্ডে ও অনলাইনে বিদেশে লেনদেন বন্ধ করে দিয়েছে। গতকাল থেকে ব্র্যাক ও সিটি ব্যাংক রাতে এটিএম লেনদেন বন্ধ করে দিয়েছে। গ্রাহকদের কাছে সেই বার্তাও পাঠানো হয়েছে। এর আগে থেকে ডাচ্– বাংলা ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক একই ব্যবস্থা নিয়েছে।

