ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার কারণে ২০২১ সালে নোবেল শান্তি পুরষ্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনীত করা হয়েছে।
বুধবার নরওয়ের পার্লামেন্ট সদস্য ক্রিশ্চিয়ান টিবরিং-জেড্ডে দ্বিতীয়বারের মত ট্রাম্পকে মনোনীত করেন ।
টিবরিং-জেড্ডে বলেছেন, “আমি মনে করি, নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন প্রার্থী অধিকাংশের তুলনায় ট্রাম্পই বিভিন্ন দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য বেশি চেষ্টা করেছেন। ইসরায়েল-ইউএই’র মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার জন্য এই মনোনয়ন। এটি একটি চমৎকার চুক্তি।”
অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালেও ট্রাম্পকে মনোনীত করেছিলেন টিবরিং-জেড্ডে। সেবার উত্তর কোরিয়াকে ঘিরে ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা বিশেষত, সিঙ্গাপুরে দেশটির নেতা কিমের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের কারণে শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে বেছে নিয়েছিলেন জেড্ডে।

