ইরানে পুলিশি হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু মারধরের কারণে হয়নি,তাঁর মৃত্যু অসুস্থতার কারণে হয়েছে বলে জানিয়েছে ইরান সরকার।
আজ শুক্রবার মাসার মৃত্যুর তিন সপ্তাহ পর দেশটির সরকারি ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশন এক বিবৃতিতে এ তথ্য জানায়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, মাসা আমিনির মৃত্যু মাথা ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গে আঘাতের কারণে হয়নি। আট বছর বয়সে তাঁর মস্তিষ্কে টিউমারের অস্তিত্ব পাওয়া যায়। তখন অস্ত্রোপচার হয়েছিল। তাঁর মৃত্যু এ অস্ত্রোপচারের সঙ্গে সম্পর্কিত। মাসার মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমে যাওয়ায় তাঁর শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ অকার্যকর হয়ে পড়ে। এতেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুনঃ এলজিবিটি প্রচারণার দায়ে রাশিয়ায় জরিমানা টিকটকের
মাথায় বা কোনো অঙ্গে আঘাতের কারণে তাঁর (মাসা) মৃত্যু হয়নি। তাঁর শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন ছিল কি না, সে সম্পর্কে প্রতিবেদনে বলা হয়নি। তবে প্রতিবেদনে বলা হয়, হৃদ্যন্ত্র বন্ধ হয়ে গেলে তা সচল করার চেষ্টা করা হয়। গুরুত্বপূর্ণ প্রথম সময়টাতে অক্সিজেনের অভাবে তাঁর মস্তিষ্কের ক্ষতি হয়।

