অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্স (এফএটিএফ) ঝুঁকিপূর্ণ তালিকা থেকে পাকিস্তানকে বাদ দিয়েছে । তবে মিয়ানমারকে কালো তালিকা তথা উচ্চঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানিয়ে এফএটিএফের সভাপতি রাজা কুমার বলেন, দেশটি ২০১৮ সাল থেকে ধূসর তালিকায় ছিল। দেশটির দুটি যুগপৎ কর্মপরিকল্পনা ছিল। পাকিস্তান কর্তৃপক্ষের ব্যাপক কর্মতৎপরতার পর তারা ওই কর্মপরিকল্পনার অধিকাংশই বাস্তবায়ন করতে পেরেছে।
এফএটিএফের সভাপতি বলেন, আগস্টের শেষ দিকে সরেজমিন পরিদর্শনে গিয়েছিল সংস্থাটির টাস্কফোর্স। পরিদর্শক দলটি পাকিস্তানি নেতৃত্বের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি, টেকসই সংস্কার এবং ভবিষ্যতে আরও ভালো করার অঙ্গীকারের বিষয়টি যাচাই করে দেখেছেন। এ জন্য পাকিস্তানকে বাড়তি নজরদারি (ধূসর) তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি
এদিকে এএনআই জানিয়েছে, মিয়ানমারকে কালো তালিকা তথা উচ্চঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাটি। মিয়ানমারে সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ও লেনদেনে বাড়তি সতর্কতা মেনে চলতে সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এফএটিএফ।
সাধারণত অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নে উচ্চঝুঁকিতে থাকা দেশগুলোকে কালো তালিকায় রাখে এফএটিএফ।

