আফগান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ: বিজিএমইএ’র ২,০০০ পোশাক অনুদান



আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ১ সেপ্টেম্বর ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট মানবিক সংকটে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য বিজিএমইএ ২,০০০ পোশাক অনুদান দিয়েছে। এ তথ্য জানানো হয়েছে বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে।

এই ভূমিকম্পে ১,৪০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে, ৩,০০০-এর বেশি আহত হয়েছে এবং ৮,০০০-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। খাদ্য, পানি, আশ্রয় এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে আফগানিস্তানে এক গভীর মানবিক সংকট দেখা দিয়েছে।

এই সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে আফগানিস্তানে জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে খাদ্য, পোশাক এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর প্রস্তুতি চলছে। এই উদ্যোগে অংশীদার হিসেবে বিজিএমইএ তাদের মানবিক দায়িত্ব পালন করছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলাম (অব.) এই অনুদানকৃত পোশাক প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের জয়েন্ট অপারেশনস জিএসও-২ (নৌ) লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুজ্জামান খানের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সিনিয়র অতিরিক্ত সচিব (ক্রাইসিস ম্যানেজমেন্ট) মুনসুর খালেদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।