প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি শান্তি-শৃঙ্খলা নষ্ট করে গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা সৃষ্টির চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে বিশৃঙ্খলা মোকাবেলায় আরও তৎপর হওয়ার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর, ২০২৫) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, ড. ইউনূস বলেছেন, “ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা দিতে হবে। ফ্যাসিবাদী শক্তি নির্বাচন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দেখে বেপরোয়া হয়ে উঠছে। এটি জাতীয় নিরাপত্তার বিষয়। তারা গণতন্ত্র বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত।” তিনি আরও বলেন, “আসন্ন দুর্গাপূজায় নৈরাজ্য রোধে গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।”
বৈঠকে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখা, এবং বেআইনি মিছিল-সমাবেশ মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্ম মন্ত্রণালয়কে ধর্মভিত্তিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের নির্দেশ দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং স্থানীয় প্রশাসনকে সক্রিয় করার ওপর জোর দেওয়া হয়। নির্বাচনের সময় নিরাপত্তা ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

