নিরাপদ মাংস-দুধ নিশ্চিতে ভ্যাকসিন সম্প্রসারণ জরুরি: ফরিদা আখতার



মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নিরাপদ মাংস, ডিম ও দুধের সরবরাহ নিশ্চিত করতে প্রাণীদের রোগমুক্ত রাখা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে সরকার সকল প্রাণীকে টিকার আওতায় আনতে উৎপাদন কার্যক্রম আরও জোরদার করবে। রোববার (১৪ সেপ্টেম্বর, ২০২৫) রংপুরে বেগম রোকেয়া হলে আয়োজিত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) দিনব্যাপী ডিভিশনাল প্রগ্রেস রিভিউ ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রাণী থেকে মানুষে ছড়ানো জুনোটিক রোগ মারাত্মক হতে পারে। তাই ‘ওয়ান হেলথ’ ধারণার অধীনে মানুষ ও প্রাণীর স্বাস্থ্যসেবাকে একীভূত করে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। তিনি আরও জানান, নারীর ক্ষমতায়ন শুধু অর্থনৈতিক নয়, নারীরা শিক্ষার মাধ্যমে জাতির উন্নয়নে বড় ভূমিকা রাখছেন।

ফরিদা আখতার উল্লেখ করেন, চরাঞ্চলের নারীদের জীবিকা গরু-ছাগল পালনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এই অঞ্চলের উন্নয়নে প্রাণিসম্পদ খাতে বিশেষ জোর দিতে হবে। এলডিডিপি প্রকল্পের সফল উদ্যোগগুলোকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করলে সরকারের সুনাম বাড়বে এবং কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করতে হয়। এলডিডিপি প্রকল্পের মাধ্যমে চিলিং সেন্টার স্থাপন করা গেলে দুধ আমদানির প্রয়োজন কমবে এবং দেশে দুধের ঘাটতি মিটবে। তিনি জানান, স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচি ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ স্কুলে সম্প্রসারিত করা হয়েছে। ডিমকে এই কর্মসূচির আওতায় আনলে শিক্ষার্থীদের পুষ্টি আরও উন্নত হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।