স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছরও শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। রোববার (১৪ সেপ্টেম্বর, ২০২৫) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান।
তিনি বলেন, “ধর্মীয় রীতিনীতি মেনে পূজা উদযাপনে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে।” তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল। আসন্ন জাতীয় নির্বাচনের জন্যও প্রস্তুতি চলছে।
বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা, পুলিশের প্রশিক্ষণ, ছিনতাই-ডাকাতি রোধ, সীমান্ত নিরাপত্তা, এবং ফরিদপুরের দুটি ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফরিদপুরের দুটি ইউনিয়নকে একটি সংসদীয় আসন থেকে অন্য আসনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। উপদেষ্টা বলেন, “এটি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তবে এই ক্ষোভের জেরে জনদুর্ভোগ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না। এই ইউনিয়নের কয়েক হাজার মানুষ লাখ লাখ মানুষকে জিম্মি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগ করে সড়ক মুক্ত করা হবে।”
কারাগারের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “বন্দিদের মধ্যে বয়স্ক ও রোগাক্রান্তদের জন্য সাজার মেয়াদ কমানোর পরিকল্পনা চলছে। আজীবন কারাদণ্ড ৩০ বছর থেকে কমিয়ে যৌক্তিক মেয়াদে আনার চিন্তা রয়েছে। নারী বন্দিদের জন্য ২০ বছর এবং পুরুষদের জন্য এর চেয়ে কিছুটা বেশি হতে পারে। তবে, যারা তরুণ বয়সে অপরাধ করে এবং মুক্তির পর পুনরায় অপকর্মে জড়াতে পারে, তাদের বিষয়ে সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।”

