ফ্যাসিবাদের দালালি করা গণমাধ্যমের টিকে থাকার অধিকার নেই: রিজভী



বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পক্ষে দালালি করা গণমাধ্যমের বেঁচে থাকার কোনো অধিকার নেই।

শনিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে দৈনিক বার্তার অনলাইন ও মাল্টিমিডিয়া বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য। কিন্তু গত ১৬-১৭ বছর ধরে দেশে ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ভিন্নমতের কণ্ঠ রোধ করা হয়েছে। যেসব গণমাধ্যম ফ্যাসিবাদের দালালি করেছে এবং গুম-খুনের পক্ষে সাফাই গেয়েছে, তারা টিকে থাকার যোগ্যতা হারিয়েছে। গণমাধ্যমের কাজ হলো সত্য প্রকাশ করা, শাসকের প্রশংসা গাওয়া নয়। বিবেকবান সাংবাদিকরা জাতির বিবেকের প্রতিনিধিত্ব করেন।”

তিনি আরও বলেন, গণমাধ্যমের কণ্ঠ যতই দুর্বল হোক, সত্য প্রকাশের জন্য একটি স্থান থাকা অত্যন্ত জরুরি।

রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করে প্রতিটি গুম ও খুনের ঘটনা আড়াল করেছে এবং ভিন্নমতের মানুষকে জঙ্গি তকমা দিয়ে দমন করেছে।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ডাকসু নির্বাচনের ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানোর সন্দেহ অমূলক নয়। অথচ চিফ রিটার্নিং অফিসার আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, যা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার জন্য লজ্জাজনক।”