পুলিশ-শৃঙ্খলা বাহিনীতে দ্রুত সংস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের


পুলিশ-শৃঙ্খলা বাহিনীতে দ্রুত সংস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।

দীর্ঘ দেড় যুগ পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে গঠিত রাজনৈতিক সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি—সেই প্রত্যাশা পূরণে নির্বাচনি ইশতেহার দ্রুত বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক সংস্কারের অগ্রাধিকার নির্ধারণের নির্দেশ দেন তিনি।

এই সভা নতুন সরকারের প্রথম সপ্তাহেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রীর প্রথম বড় মতবিনিময়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ, যিনি অতীতে গুমের শিকার হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং স্বাধীনতার পর কক্সবাজার থেকে প্রথম পূর্ণ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাঁর এই বক্তব্যে সরকারের আইনশৃঙ্খলা খাতে নতুন দিকনির্দেশনা স্পষ্ট হয়েছে।

আরও পড়ুনঃ পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন, ঈদের পর রোডম্যাপ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

তিনি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। জনগণ এখন শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। পুলিশ ও অন্যান্য বাহিনীকে সেই আস্থা অর্জন করতে হবে—জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনবান্ধব আচরণের মাধ্যমে।

সভায় মন্ত্রী জোর দেন যে, আইনশৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক সংস্কার অত্যন্ত জরুরি। প্রথমে অগ্রাধিকার নির্ধারণ করে কাজ শুরু করতে হবে। এর মধ্যে দুর্নীতি নির্মূল, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশ তৈরি অন্তর্ভুক্ত।

অতীতে বাহিনীগুলোর ওপর জনগণের আস্থা কমে যাওয়ার কারণগুলো চিহ্নিত করে সেগুলো দ্রুত সংশোধনের নির্দেশ দেন তিনি। এছাড়া নির্বাচনি ইশতেহারের আলোকে সরকারের প্রতিশ্রুতি পূরণে বাহিনীগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়।