সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ বাংলাদেশির মৃত্যু



সৌদি আরবের জিজান প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৯ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১৮ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, শনিবার সকালে জেদ্দা থেকে ৮০০ কিলোমিটার দূরে জিজান প্রদেশে ইয়েমেন সীমান্তের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই আল ফাহাদ নামে একটি সৌদি কোম্পানিতে চাকরি করতেন।
শনিবার সকালে কোম্পানির পিকআপে করে তারা কর্মস্থলে যাচ্ছিলেন। রাস্তায় পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় পিকআপটি উল্টে যায়। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও দুইজন।
আল ফাহাদ কোম্পানিতে কর্মরত ফরিদুল ইসলাম নিহতদের মধ্যে ছয় বাংলাদেশির নাম জানাতে পেরেছেন। এরা হলেন– সিরাগঞ্জের দুলাল, টাঙ্গাইলের সফিকুল, নারায়ণগঞ্জের মতিউর রহমান, নরসিংদীর আমির হোসেন ও হদয় এবং কিশোরগঞ্জের জসিম।
(বিস্তারিত আসছে)