তেঁতুলিয়ায় তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস



তীব্র শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের প্রভাব বেড়েছে। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়  ২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

দেশের জনজীবনের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থায় নেমে এসেছে বিপর্যয়। আবহাওয়া অধিদপ্তরের সূত্রমতে, পঞ্চগড়, কুড়িগ্রাম ও দিনাজপুর ৩.২, নীলফামারী ৩.৩, রংপুর ৪.৯, চুয়াডাঙ্গা ৫.৫ সেলসিয়াস তাপমাত্রায় নেমেছে। এছাড়া রংপুরের তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশার কারণে দেশের বিভিন্ন নৌরুট বন্ধ রয়েছে নৌযান চলাচল। দেশের বিভিন্ন অঞ্চলে রেললাইন সংকুচিত হয়ে রেল চলাচল ব্যাহত হচ্ছে।

শীতের তীব্রতায় নাকাল হয়ে পড়েছে নগরীর স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে ছিন্নমূল মানুষেরা যারপরনাই দুর্ভোগ পোহাচ্ছে।পথের ধারে খড়কুটো জ্বালিয়ে তারা শীতের কামড় থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন।
এদিকে, ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কষ্টে দিন কাটাচ্ছে শিশু ও বৃদ্ধরা। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ফলে যাত্রাপথে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে বলে পরিবহন চালকরা জানান।   তীব্র শীতের কারণে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগের রোগী বেড়ে গেছে। আগের তুলনায় সদর হাসপাতালে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগীর সংখ্যা বেশি।