ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির ডাকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধন পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে অনশনে যাচ্ছেন মাদ্রাসা শিক্ষকেরা।
গতকাল সোমবার আন্দোলনকারী বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির নির্বাহী কমিটির সভায় নতুন এই কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে।
সারা দেশে নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ১৮ হাজার ১৯৪টি হলেও চালু আছে ১০ হাজারের মতো। এসব মাদ্রাসায় শিক্ষক আছেন প্রায় ৫০ হাজার। এর মধ্যে ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৬ হাজার ৬৭৬ জন শিক্ষক সরকার থেকে কিছু ভাতা পান। এর মধ্যে প্রধান শিক্ষকেরা মাসে আড়াই হাজার টাকা এবং সহকারী শিক্ষকেরা পান ২ হাজার ৩০০ টাকা। অন্যরা সরকার থেকে কোনো বেতন-ভাতা পান না।
সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, লাগাতার কর্মসূচির পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বিভাগের প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে তাঁরা কোনো সাড়া পাননি। তাই তাঁরা আজ (মঙ্গলবার) থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির স্থলেই এই অনশন শুরু হবে।
রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে ১ জানুয়ারি থেকে মাদ্রাসাশিক্ষকেরা লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন।
