আজ সোমবার দুপুর ১২টা থেকে ঢাকার নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করছে ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতি। এই বিক্ষোভে নীলক্ষেত মোড়ের সঙ্গে যুক্ত সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন তাঁদের তিন দাবির কথা জানিয়েছেন। নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা আছে জানিয়ে তিনি বলেন, সেটা অমান্য করে মাস্টারপ্ল্যানের বাইরে ছাদে দোকান হচ্ছে। সমিতির পক্ষ থেকে এটি বন্ধের দাবি জানান তিনি।
এসময় ১ নম্বর গেটে বেআইনিভাবে পিলার বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মার্কেটের দক্ষিণ–পশ্চিমে গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তাঁরা। এগুলো বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা।
নিউমার্কেট দোতলা করার সিদ্ধান্ত থেকে সরে না আসা পর্যন্ত সরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের হস্তক্ষেপ কামনা করছেন তঁরা। নিউমার্কেটের ঐতিহ্য কোনোভাবেই নষ্ট করতে দেবে না বলে জানিয়েছে বিক্ষোভকারীরা। দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তাঁরা।
