ফের বাড়ল স্বর্ণের দাম



আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে স্বর্ণের দর ভরিতে ১ হাজার ৫১৭ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বর্ণের নতুন দর কাল শুক্রবার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
আজ বৃহস্পতিবার জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দর বৃদ্ধি পাওয়ায় শুক্রবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ২৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৯ হাজার ৯২২ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৬৭৩ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৭ হাজার ৪১০ টাকা। আজ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা, ১৮ ক্যারেট ৪৩ হাজার ১৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ২৬ হাজার ৫৩৬ টাকায় বিক্রি হচ্ছে।
সোনার দর পুনর্নির্ধারণ করায় ২২, ২১ ও ১৮ ক্যারেটে ১ হাজার ৫১৭ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৮৭৪ টাকা দাম বৃদ্ধি পাচ্ছে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে। প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, বিশ্ববাজারে আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববাজার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ছিল প্রায় ১ হাজার ৩৬০ মার্কিন ডলার। গত ১০ জানুয়ারি সেটি ছিল ১ হাজার ৩১৭ ডলার। এর আগে, সর্বশেষ ১০ জানুয়ারি সোনার দর বাড়ানো হয়েছিল।