কোথায় গিয়ে শেষ করবেন ফেদেরার?



বয়স কেবলই এক সংখ্যা, প্রতিনিয়ত তার প্রমান রেখে চলেছে টেনিসের জীবন্ত কিংবদন্তি সুইজারল্যান্ডের রজার ফেদেরার। তাঁর সাফল্যের পালকে যুক্ত হয়েছে আরো একটি গ্র্যান্ডস্লাম। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে ক্রোয়েশিয়ার মারিন সিলিচকে ৩-২ দুই সেটে হারিয়ে ষষ্ঠবারের মত অস্ট্রেলিয়ান ওপেন জিতেন ৩৬ বছর বয়সী এই সুইস তারকা।
সোনালী সময়টা পিছনে ফেলে এসেছেন অনেক আগেই। ক্যারিয়ারে নিজের সেরা সময়টা হারালেও ছন্দ হারাননি তিনি। আরো একটি গ্র্যান্ডস্লাম জয় যেন তারই প্রমাণ। এই বয়সে এসেও টেনিস কোর্টে রাজত্ব করে যাচ্ছেন, প্রমান করছেন নিজের শ্রেষ্ঠত্বের।
নিজের ২০তম গ্র্যান্ডস্লাম জয়ের পথে ইতিহাসের ২০০তম গ্র্যান্ডস্লাম ফাইনালে এদিন মেলবোর্নে মুখোমুখি হন ক্রোয়েশিয়ার মারিন সিলিচের। হাড্ডাহাড্ডি এ লড়াইয়ে শেষ হাসি হাসেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। প্রথম সেটে ফেদেরারের দাপটে দাঁড়াতেই পারেননি সিলিচ। ফেড এক্সপ্রেস জিতেন ৬-২ গেমে।
দ্বিতীয় সেটে এসে প্রতিরোধ গড়েন সিলিচ। এই ক্রোয়েশিয়ান টাইব্রেকারে জিতেন ৭-৬ গেমে। তৃতীয় সেট ফেদেরার জয় করেন ৬-৩ গেমে। চতুর্থ সেটে সিলিচ দাপট। সুইস তারকার জোড়া সার্ভিস ব্রেক করে সিলিচ সেট জিতেন ৬-৩ গেমে।
পঞ্চম সেটে আর দাঁড়াতেই পারেননি ক্রোয়েশিয়ান মারিন সিলিচ। ফেড এক্সপ্রেস খ্যাত সুইস তারকা ৬-১ এ সেট জিতলে ২০০৪, ২০০৬, ২০০৮, ২০১০ ও ২০১৭ সালের পর আরো একবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করলেন তিনি।
এটি ছিল তাঁর টানা দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন ও ২০তম গ্র্যান্ডস্লাম জয়। শেষ বয়সে এসেও যেমন দাপটে টেনিস কোর্ট মাতাচ্ছেন এই টেনিস সম্রাট, এরপর কোথায় থামবেন? প্রশ্নটা থেকেই যায়।