অবস্থা বুঝে বন্ধ ফেসবুক: শিক্ষামন্ত্রী



শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ফেসবুক বন্ধে ‘অবস্থা বুঝে ব্যবস্থা’ নেওয়া হবে। এর আগে প্রশ্ন ফাঁস ঠেকাতে আসন্ন এসএসসি পরীক্ষার দিনগুলোতে সীমিত সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখার কথা বলেছিলেন তিনি।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, তাঁরা তো আর ফেসবুক বন্ধ করতে পারবেন না। কিন্তু যাঁরা এ ব্যাপারে দায়িত্ব পালন করেন, তাঁদের সঙ্গে আলাপ করা হয়েছে। বিটিআরসির চেয়ারম্যানসহ অন্য যাঁরা আছেন, তাঁদের সঙ্গেও কথা বলা হয়েছে। তাঁদের সমস্যাটি বলা হয়েছে। এ বিষয়ে তাঁরা বলেছেন, এটা প্রতিহত (ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ছড়ানো) করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। সীমিত সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখবেন কি না, সেটাও তাঁরা অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন। তাঁরা সাহায্য করার বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তাঁরা তাঁদের মতো করে ব্যবস্থা নেবেন।
কিছু কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে নাহিদ বলেন, “তারা এ বিষয়ে আলোচনা করেছেন, তারা বলেছেন এটা প্রতিহত করার ক্ষেত্রে তারা আরো অ্যাফেক্টিভ কতগুলো ব্যবস্থা নেবেন। সেগুলো আমি এখানে বলতে চাই না। পরীক্ষার সময় সীমিত সময়ের জন্য বন্ধ রাখবে কি রাখবে না – সেটাও তারা (কর্তৃপক্ষ) অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করবেন। এ ব্যাপারটি আমরা তাদের ওপর ছেড়ে দিয়েছি। তারা খুবই পজিটিভলি সাহায্য করার জন্য দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তারা তাদের মতো করে ব্যবস্থা নেবেন, আমরা সাহায্য পাব।”
কাল বৃহস্পতিবার থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১০ বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে শুধু আট বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৬ লাখ ২৭ হাজার ৩৭৮ জন। সারা দেশে মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কাল থেকে পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হবে।