ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য প্রতিদিন এসপিজি নিরাপত্তায় খরচ হয় এক কোটি ৬২ লাখ টাকা। প্রতি ঘন্টায় খরচ হয় ৬.৭৫ লক্ষ টাকা। আর মিনিটের হিসাবে ১১ হাজার ২৬৩ টাকা!
ভারতের জাতীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের পরপরই চলছে আলোচনা-সমালোচনা। রাজনীতি অঙ্গন হয়েছে উত্তাল। অর্থনৈতিক সংকটে এ যেন বিলাসিতা ছাড়া কিছুই না বলে মনে করছেন অনেকে।
চলতি বছরের বাজেটে নরেন্দ্র মোদির নিরাপত্তার দায়িত্বে থাকা সেই স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো হলেও, সাধারণ জনগনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের আধুনিকীকরণ থেকে সীমান্তে পরিকাঠামোগত উন্নয়ন, বাজেট বরাদ্দ কমেছে।
ভারতের বিভিন্ন রাজ্যে চলা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের একাধিক প্রকল্পেও কমেছে বরাদ্দ। আর এই বরাদ্দ কমে যাওয়ার পরিমাণ প্রায় প্রায় হাজার কোটি টাকা।
বাজেট নথি বলছে গত বছর এসপিজি’র জন্য যেখানে ৫৪০.১৬ কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এবার সেই বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ৫৯২.৫৫ কোটিতে। বৃদ্ধির পরিমাণ ৫২ কোটি টাকার কাছাকাছি।

