মাদক চোরাচালান নিয়ে সচেতন পুরো বিশ্ব। তারই জের ধরে এবার মাদক কারবারিদের সাহায্য করায় আটক হলো এক টিয়া পাখি।
অবিশ্বাস্য এই ঘটনাটির ঘটনাস্থল ব্রাজিলের পিয়াউই প্রদেশ। অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে অভিযুক্ত ওই টিয়া পাখি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির মাধ্যমে জানা যায়, পিয়াউই প্রদেশের এক মাদক ব্যবসায়ী তার বাড়িতে এই টিয়া পাখিটিকে পুষতেন।
ওই মাদক ব্যবসায়ী মাফিয়াচক্রের সদস্য হিসেবেও ব্রাজিলের আইন শৃঙ্খলা বাহিনীর তালিকায় তালিকাভুক্ত ছিলো। জানালাবিহীন একটি বাড়ির দরজায় পাখিটিকে রেখেছিলেন ওই মাদক ব্যবসায়ী আর পুলিশের উপস্থিতি টের পেলেই পাখিটি ‘মামেয় পুলিশিয়া’ বলে উঠতো যার অর্থ পুলিশ এসেছে পালাও।
পাখিটিকে এভাবেই প্রশিক্ষণ দেয়া হয়েছিলো। সম্প্রতি ওই মাফিয়ার বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে যথারীতি মামেয় পুলিশিয়া বলে চিৎকার করে সংকেত দিতে থাকে।
তবে এবার ভাগ্যক্রমে পাখিটির সতর্কবার্তা ব্যর্থ করে পুলিশ মাফিয়াচক্রের মূল হোতা এবং এক তরুনীকে আটক করে। একইসঙ্গে আটক হয় পাখিটিও।
‘আমরা সেই বাড়িতে অভিযানে যেতেই টিয়া পাখিটি চিৎকার শুরু করে। যে কারণে অপরাধীদের গ্রেফতারে বেশ বেগ পেতে হয় আমাদের’, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে একথা বলেন।
তিনি আরো জানান, আটক করে থানায় আনার পর থেকে একটি শব্দও পাখিটি করেনি। নিঃশব্দে বসে ছিলো। এরপর স্থানীয় একটি চিড়িয়াখানায় পাখিটিকে নিয়ে যাওয়া হয় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

