গ্যালাক্সি টেন আসছে



আইফোনের দশকপূর্তি সংস্করণ এরই মধ্যে বাজারে ছেড়েছে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। চলতি মাসেই গ্যালাক্সি এস৯ উন্মোচন করবে স্যামসাং। অ্যাপলকে অনুসরণ করে গ্যালাক্সি এস সিরিজের পরবর্তী ডিভাইসটির নাম গ্যালাক্সি এস১০ হওয়ার কথা। কিন্তু ডিভাইসটিকে বলা হবে গ্যালাক্সি এক্স বা টেন। দক্ষিণ কোরিয়ার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে গিজচায়না নামে একটি ওয়েবসাইট এমনটাই জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের হাই-এন্ড ডিভাইসের জন্য গ্যালাক্সি এস১১ বা গ্যালাক্সি এস১৫ নামকরণ এড়াতে চাচ্ছে। কারণ এ ধরনের নামের ডিভাইস গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে।
স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের ডিভাইসগুলোকে নতুন রূপে পরিচিত করাতে চাচ্ছে। এটা বাজার প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশল মনে করা হচ্ছে। ফ্ল্যাগশিপ সিরিজের নাম পরিবর্তনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অ্যাপলের সিদ্ধান্ত দ্বারা অনুপ্রাণিত হয়েছে প্রতিষ্ঠানটি। কারণ মার্কিন প্রতিষ্ঠানটি তাদের আইফোন ১০ ডিভাইসটিকে আইফোন এক্স নামে পরিচয় করিয়েছে। যেটাকে বলা হচ্ছে আইফোনের দশকপূর্তি সংস্করণ।
বিশ্লেষকদের তথ্যমতে, ২০০৭ সালে প্রথম প্রজন্মের আইফোন উন্মোচনের পর গত বছরই প্রথম আইফোন ডিভাইসে বড় ধরনের নকশা ও প্রযুক্তিগত পরিবর্তন এনেছে অ্যাপল। গ্যালাক্সি এক্সের ক্ষেত্রে স্যামসাং বড় কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনবে। গ্যালাক্সি এক্স স্মার্টফোনে ফোল্ডেবল ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। এমনটা হলে গ্যালাক্সি এক্স ডিভাইসটিই হবে বিশ্বের প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন। এ বিষয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।