দক্ষিণ কোরিয়ায় ৬৩ হাজার ৭৬৭ জন আইফোন ব্যবহারকারী অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ-যাবত্কালের মধ্যে এটিই সবচেয়ে বড় ক্লাস অ্যাকশন মামলা দায়েরের ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত শুক্রবার জানায়, এতে অ্যাপলকে মোট ১ হাজার ২৭৫ কোটি ওন বা ১ কোটি ২০ লাখ ডলার ক্ষতিপূরণ গুনতে হতে পারে।
হানুরি নামে একটি স্থানীয় ল’ ফার্ম দক্ষিণ কোরিয়ার আইফোন ব্যবহারকারীদের হয়ে সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপল ও অ্যাপল কোরিয়ার বিরুদ্ধে এ মামলা করেছে। অ্যাপল কোরিয়া হলো দক্ষিণ কোরিয়ায় অ্যাপলের নিজস্ব আইফোন উৎপাদন বিভাগ।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়ার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, অ্যাপলের বিরুদ্ধে করা মামলায় প্রত্যেক বাদীর পক্ষ থেকে ২ লাখ ওন (১৮৮ ডলার) ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এতে দাবিকৃত মোট ক্ষতিপূরণের পরিমাণ দাঁডায় ১ হাজার ২৭৫ কোটি ওন বা ১ কোটি ২০ লাখ ডলার। অ্যাপলের বিরুদ্ধে এ ক্লাস অ্যাকশন মামলায় চার লাখ আইফোন ব্যবহারকারী আইনি লড়াইয়ে যুক্ত হতে চেয়েছিলেন। কিন্তু প্রয়োজনীয় দলিল দেখাতে না পারায় এ সংখ্যা কমে দাঁড়ায় ৬৩ হাজার ৭৬৭।
দক্ষিণ কোরিয়ার এসব আইফোন ব্যবহারকারীর অভিযোগ, আইফোনের নতুন সংস্করণ উন্মোচনের পর সফটওয়্যার কারসাজির মাধ্যমে অ্যাপল আগের আইফোনগুলোর কার্যক্ষমতা ও গতি কমিয়ে দেয়। গ্রাহকরা যাতে পুরনো আইফোন বদলে নতুন সংস্করণ কিনতে বাধ্য হয়, সেজন্য ইচ্ছাকৃতভাবে এ কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
হানুরির পক্ষ থেকে বলা হয়, অ্যাপল আইওএস হালনাগাদের মাধ্যমে পুরনো আইফোনের এ সমস্যা শনাক্ত করেছে। তবে প্রতিষ্ঠানটি আইফোনের ব্যাটারি সমস্যা ঢাকতে এবং নতুন সংস্করণগুলোর বিক্রি বাড়াতে সত্য গোপন করেছে।
চলতি বছর জানুয়ারির মাঝামাঝি ও মার্চের শুরুর দিকে অ্যাপল ও অ্যাপল কোরিয়ার বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা করেন দুই নাগরিক দলের কর্মী। দল দুটির একটিতে ১২২ জন ও অন্যটিতে ৪০১ জন আইফোন ব্যবহারকারী ছিলেন।
২০১৭ সালে প্রথম ব্যবহারকারীদের না জানিয়ে পুরনো আইফোনের কর্মক্ষমতা কমিয়ে দেয়ার অভিযোগ উঠেছিল অ্যাপলের বিরুদ্ধে। সে সময় বিষয়টির সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে আইফোন ব্যবহারকারীদের কম খরচে ব্যাটারি পরিবর্তনের মাধ্যমে পুরনো আইফোনের কর্মক্ষমতা বাড়িয়ে নেয়ারও আশ্বাস দেয়া হয়। ডিভাইসের কর্মক্ষমতা কমানোর ফলে একাধিক দেশে অ্যাপলের বিরুদ্ধে মামলা করেন আইফোন ব্যবহারকারীরা।
গত জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার ভোক্তাস্বার্থ সংরক্ষণ গ্রুপ সিটিজেন্স ইউনাইটেড ফর কনজিউমার সভরেনটির (সিইউসিএস) সদস্য ও আইনজীবী ইউন চুল মিন এক সংবাদ সম্মেলনে বলেন, অ্যাপলের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফোন ধীরগতির করে সম্পদ নষ্ট ও ইচ্ছাকৃতভাবে কাজটি করায় প্রতারণার অভিযোগ আনা হতে পারে।
এর কিছুদিন পর সিইউসিএসের ১২২ জন বাদী অ্যাপলের বিরুদ্ধে কোরিয়ার এক আদালতে একটি মামলা করেন। এসব বাদীর প্রত্যেকে প্রতিষ্ঠানটির কাছে ২২ লাখ ওন (২ হাজার ডলার) ক্ষতিপূরণ দাবি করেন। এটি দক্ষিণ কোরিয়ার আইফোন ব্যবহারকারীদের অ্যাপলের বিরুদ্ধে করা প্রথম মামলা ছিল। এর আগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের বিরুদ্ধে মামলা করেন।
সিইউসিএসের জেনারেল সেক্রেটারি কো কাউ হিউন বলেন, দক্ষিণ কোরিয়ায় এখনো অনেক আইফোন ব্যবহারকারী অ্যাপলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যুক্ত হচ্ছেন। এসব বাদীকে সঙ্গে নিয়ে আরো একাধিক মামলা করা হতে পারে।
