রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আগে চাই বাংলা ভাষার গাঁথুনি পরে ইংরেজি শেখার পত্তন। অর্থ্যাৎ আগে মাতৃভাষা শেখা উচিত পরে শুরু করা উচিত ইংরেজি তথা বিদেশি ভাষা শেখা।
সর্বোপরি মাতৃভাষায় দক্ষ হওয়ার আগে বাচ্চাদের বিদেশি ভাষা শেখানো যেমন ঠিক নয়। তেমনি একাধিক ভাষা বিশেষ করে ইংরেজি ভাষায়ও পারদর্শী হওয়া প্রয়োজনীয়।
আজকাল প্রায় সব বাবা-মা স্বপ্ন দেখেন তাদের সন্তান একাধিক ভাষায় অনর্গল কথা বলতে পারবে। কিন্তু এক্ষেত্রে কঠিন প্রশ্নটি হলো কোন বয়স বিদেশি ভাষা শেখার জন্য উত্তম? বা বিদেশি ভাষা শেখা সবচেয়ে সহজ কোন বয়সে?
অধিকাংশ গবেষকের মতে, বাচ্চাদের বয়স যখন ৩-৪ বছর, তখন তারা খুব সহজে একাধিক ভাষা শিখতে পারে। এর পেছনে বড় কারণ তখন বাচ্চারা নতুন কিছু শেখার জন্য বেশ আগ্রহী হয়ে থাকে। যেটা বড় হওয়ার সাথে সাথে কমতে থাকে। বাচ্চাদের দ্বিতীয় কোনো ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ বয়স ৬-৭ বছর পূর্ণ হওয়ার পূর্ববর্তী সময়। তবে কোনো কোনো গবেষকের মতে, এটি বয়ঃসন্ধির পূর্ব পর্যন্ত হতে পারে।

একটি শিশুর আচার-আচরণ, চিন্তাভাবনা করার দক্ষতা, শেখার ক্ষমতা ও সৃজনশীলতার ভিত্তি রচিত হয় ৬-৭ বছর বয়সের মধ্যে।
শিশুরা যেহেতু অনুকরণপ্রিয়, তাই তারা আশেপাশের বিভিন্ন বিষয় থেকে শিখে থাকে। তবে ভাষা শেখার হারটা সবচেয়ে বেশি ৩-৪ বছর বয়সে। এই সময়ে তারা খুব সহজে নতুন নতুন শব্দ শিখতে পারে। সেই কারণে এই সময়টা বাচ্চাদের ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শিশুরা ৬-৭ বছরের মধ্যেই একাধিক ভাষা শিখতে সক্ষম। কারণ তারা এই বয়সটা পার করে বিভিন্ন বিষয় শেখার মধ্য দিয়ে। তাদের পূর্ণ মনোযোগ থাকে আশেপাশের পরিবেশ থেকে বিভিন্ন কিছু শেখার প্রতি। সেক্ষেত্রে একসাথে একাধিক ভাষা শেখাও সম্ভব।

