জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


paperslife

আজ মঙ্গলবার সকালে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতার ৪৯ বছর উপলক্ষে মঙ্গলবার সকালে  জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এসময় তারা কিছু সময় দাঁড়িয়ে শহীদদের উদ্দেশে নিরবতা পালন করেন। গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এসময় বিউগলে বাজানো হয় করুণ সুর।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাদের সাথে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, কেবিনেট সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন বাহিনীর প্রধান সহ আরও অনেকে।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ, মেয়র সাঈদ খোকন এবং আতিকুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ ছাড়াও দেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে একাত্তরে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়।

স্বাধীনতা দিবস উদ্‌যাপনে প্রতিবছরের মতো এবারও জাতীয় পর্যায় সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও পৃথকভাবে নানা কর্মসূচি পালন করছে।