জাতির জনক বঙ্গবন্ধুর নিরানব্বইতম জন্মদিন গেলো কিছুদিন আগে। আগামী বছর তা শততম তে রূপ নেবে। এর পরের বছরই বাংলাদেশের জন্মদিনের সুবর্ণ জয়ন্তী। সব মিলিয়ে বিশেষ পরিকল্পনা করছে বিসিবি।
কি সেই পরিকল্পনা? পরিকল্পনাটা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকাদের এ দেশে এনে তাদের নিয়ে এক বা একাধিক ম্যাচ আয়োজন করেই উপলক্ষটা উদযাপন করার চিন্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর।
এ ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এ ধরনের কিছুই (বিশ্ব একাদশের ম্যাচ)। তবে সবকিছু নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর। সবগুলো দেশকে পাওয়া খুব কঠিন। ব্যস্ত সূচির কারণে খেলা নেই, এমন দেশ পাওয়া খুব কঠিন। হতে পারে যতটা সম্ভব বেশি দেশ থেকে খেলোয়াড় এনে একটা প্রতিনিধিত্বমূলক ম্যাচ খেলা এবং আইসিসি থেকে ওটার স্বীকৃতি নেওয়া। এ নিয়ে এর মধ্যেই আমরা আইসিসিকে চিঠি লিখেছি।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল স্বাধীনতা দিবস ক্রিকেট দেখতে এসে সেই চিন্তার কথাই জানিয়েছেন তিনি। সারা পৃথিবীর সামনে বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেটকে তুলে ধরে এ আয়োজনের মূল লক্ষ্য। আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও, এ নিয়ে দ্রুত এগোচ্ছে বোর্ড।
পাপন বলেন , ‘সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আছে। তার পরের বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এটাকে উপলক্ষ করে আমরা এখন থেকেই পরিকল্পনা করছি। ইতিমধ্যে এটা নিয়ে কথাবার্তাও বলছি। আমরা এমন কিছু করতে চাচ্ছি, সারা পৃথিবীর যারা ক্রিকেট দেখে, তারা যেন সেটি একসঙ্গে বসে দেখতে পায়।’
এখনই এ নিয়ে প্রতিশ্রুতি দিতে নারাজ বিসিবি বস। আগে আইসিসি’র অনুমোদন প্রয়োজন। এরপর জোরেসোরে মাঠে নামার প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেটের অভিবাবকরা।
নাজমুল হাসান পাপন এ বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘যেহেতু বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে, এখন কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রশ্নই ওঠে না। প্রথমে আমরা চাচ্ছি আইসিসির স্বীকৃতি। তাহলে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। পরের কাজ হচ্ছে বড় বড় দেশ-ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড…এদের অংশগ্রহণ নিশ্চিত করা।’

