আজ ১০ই এপ্রিল, বিশ্ব হোমিওপ্যাথি দিবস। হোমিওপ্যাথি দিবসের সূচনা হয় হোমিওপ্যাথ চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিমেনের জন্মবার্ষিকীর দিন থেকে।
২০০৩ সাল থেকে বিশ্বব্যাপী হোমিওপ্যাথি দিবস পালন করা হয় হ্যানিমেনের জন্মদিনে। সারা পৃথিবীতে ২০০৩ সাল থেকে পালন করা হলেও বাংলাদেশে ২০১৪ সালের ১০ এপ্রিল হোমিওপ্যাথ দিবস পালন করা হয়।
হোমিওপ্যাথি দিবসকে সামনে রেখে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডসহ বিভিন্ন সংগঠন এবং সারাদেশের হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালগুলো কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান দিবসটির তাৎপর্য সম্পর্কে বলেন, ‘হ্যানিমেন একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী। বিশ্বব্যাপী তার জন্মদিন পালিত হয়। তার জন্মদিনকে স্মরণীয় করে রাখতেই বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয়।’
হোমিওপ্যাথ দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের পক্ষ থেকে আজ বিকাল ৩ টায় রাজধানীর কাকরাইলস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
হোমিওপ্যাথ দিবসকে ঘিরে বিশ্বব্যাপী নানা কর্মসূচি, নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

