ছবিতে দ্বিতীয় সেরা বাংলাদেশ



ক্রিকেট নিয়ে বাংলাদেশের যে আবেগের কোনো কমতি নেই, এর প্রমাণ মিলেছে বহুবার। ক্রিকেটের প্রতি এদেশের মানুষের শ্রদ্ধাবোধ বিশ্ব জুড়ে সমাদৃত। পুরো বিশ্বের কাছে ক্রিকেট যেখানে কেবলই একটি খেলা, বাংলাদেশিদের কাছে সেটা ভালোবাসা।
গত বছর ঢাকার মিরপুরে মেট্রো রেলের কাজের ফাঁকে সেই জায়গাটায় কিছু তরুণের ক্রিকেট খেলার ছবি বেশ জনপ্রিয়তা পায়। আইসিসি নিজস্ব ফেসবুক পেইজে সেই ছবি আপলোড দিয়ে সাধুবাদ জানায় ক্রিকেটের প্রতি এ ভালবাসাকে।
বছর ঘুরতেই আবারো বাংলাদেশের একটি খেলার ছবি ভাইরাল। এবার শুধু আইসিসির পেইজে নয়, ছবিটি উইজডেনের দ্বিতীয় সেরা ছবি হিসেবে মনোনীত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) উইজডেন ক্রিকেটার্স অ্যালমান্যাকের ১৫৬তম সংস্করণ প্রকাশিত হয়। সদ্য প্রকাশিত ওই সংস্করণে বর্ষসেরা ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের একটি ছবি।

ছবিতে দেখা যায়, একটি ডকইয়ার্ডের পাশে কয়েকজন কিশোর ক্রিকেট খেলছিল। ছবিটি তুলেছেন সৈয়দ মাহাবুবুল কাদের।

আইসিসির ভেরিফায়েড টুইটার পেজে ছবিটি আপলোড দিয়ে লেখা হয়েছে, ‘বাংলাদেশের বুড়িগঙ্গা তীরে ডকইয়ার্ডে ক্রিকেট খেলার ছবি। উইজডেনের দ্বিতীয় বর্ষসেরা ছবি।’

ছবিটির প্রশংসা চলছে বিশ্বজুড়ে। বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি কতটা অনুরাগী, ছবিটি যেন তারই প্রমাণ। মন্তব্য করেন অনেকে।