জরুরি তলব, সাকিবের কাছে যাচ্ছেন সালাউদ্দিন



সাকিবকে নিয়ে চিন্তার কমতি নেই। সদ্য ফিরেছেন ইনজুরি থেকে। এখন আইপিএলের জন্য আছেন ভারতে। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের দলে মিলছে না সুযোগ। খেলার মধ্যে না থাকায় সাকিবকে ফিরিয়ে নিয়ে আসার কথা বলেছিলেন বিসিবি প্রেসিডেন্ট। তবে সাকিব ফিরবেন না, সাকিবের জন্য কোচ সালাউদ্দিন যাচ্ছেন ভারতে।

সামনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ। লড়াইয়ের সময়টাও ঘনিয়ে আসছে ধীরে ধীরে। প্রস্তুতি আরও ভালোভাবে সেরে নিতেই সাকিব ঢাকা থেকে হায়দরাবাদে উড়িয়ে নিচ্ছেন তাঁর শৈশবের কোচকে।

আজ বিকেল পাঁচটায় কোচ মোহাম্মদ সালাউদ্দীন উড়াল দিয়েছেন হায়দ্রাবাদের উদ্দেশ্যে। ছুটি কাটাতে নয়, শিষ্যকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে এই যাওয়া

এর আগেই সময় খারাপ চললে আইপিএলের মাঝ পথে ঢাকায় ফিরে এসেছেন সাকিব। প্রিয় কোচের সাথে অনুশীলন করে আবার উড়াল দিয়েছিলেন। এবারের দৃশ্যপট ভিন্ন। কোচকেই ডেকে নিয়ে যাচ্ছেন তিনি।

সালাউদ্দিন এ ব্যাপারে বলেন, ‘ওর আসল লক্ষ্য বিশ্বকাপ। বিশ্বকাপের প্রস্তুতি ভালোভাবে সারতে আমাকে ডেকেছে।’

তাঁর অধীনে সাকিব কী ধরনের কাজ করবেন, সেটি অবশ্য এখনই বলতে পারলেন না সালাউদ্দীন, ‘অনুশীলন কোথায় করাব, কীভাবে হবে, এখনই বলতে পারছি না। ওর জন্য যাচ্ছি, শুধু এতটুকুই জানি। ওর চাহিদা কী, সেটা ওখানে গেলে বুঝব। আর সামনে যে ওর ম্যাচ খেলার সম্ভাবনা নেই, সেটিও বলা যাবে না। ম্যাচের চেয়ে বড় অনুশীলন তো আর কিছু হতে পারে না!’

হায়দ্রাবাদ দলে সুযোগ না পেয়ে মানসিকভাবে পিছিয়ে আছেন সাকিব, মনে করছেন অনেকে। আর সে কারণেই হয়ত এভাবে ডেকে নিয়ে যাচ্ছেন প্রিয় কোচকে। টেকনিক্যাল বিষয়েই নয়, মনস্তাত্ত্বিক প্রস্তুতি সারতেও সালাউদ্দীনকে ঢাকা থেকে উড়িয়ে নিচ্ছেন সাকিব।