গতকাল দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। এরই মধ্য দিয়ে বিশ্বকাপের ১০টি দলই তাদের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে। ১৫০ জন ক্রিকেটার যাচ্ছে ইংল্যান্ড, স্বপ্নের বিশ্বকাপে স্বপ্ন সাজাতে।
দল ঘোষণা করতে গিয়ে রোষানলে পড়তে হয় নির্বাচকদের। প্রিয় খেলোয়াড়কে দলে না দেখলে ফুঁসে ওঠে ভক্ত সমর্থকরা। চমক, বিস্ময় নিয়ে দল ঘোষণা করেছে অনেকে। আবার কোনো কোনো দল বেশ সাদামাটা, প্রত্যাশিত।
এবারের বিশ্বকাপে সুযোগ পায়নি অনেক ক্রিকেটার, যাদের যোগ্যতা ছিল বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করার। এমন কিছু উপেক্ষিত ক্রিকেটার নিয়ে ক্রিক ইনফো ঘোষণা করেছে বিশ্বকাপে বাদ পড়া একাদশ।
সেখানে জায়গা হয়নি বাংলাদেশের আলোচনার কেন্দ্রে থাকা ইমরুল কায়েস ও তাসকিন আহমেদের। এমনকি দ্বাদশ ব্যক্তি হিসেবেই দলে নেই তারা।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফো তাদের নিয়মিত পাঠকদের নিয়ে একটি জরিপ চালায়। তার ভিত্তিতেই তৈরি করা হয়েছে একাদশটি।
এই একাদশে সবচেয়ে বেশি ৩৬২০০ ভোট পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ত।
এছাড়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিসের পক্ষে পড়েছে সর্বোচ্চ ৬২ শতাংশ ভোট। এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্যারিবিয়ান বংশোদ্ভূত ইংলিশ পেসার জোফ্রা আর্চারের নামের পাশেও দেখা মিলেছে ৫৭ শতাংশ ভোট।
দলে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে ২ জন এবং ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে ১ জন।
ক্রিকইনফোর বাদ পড়াদের একাদশ:
নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা), রিশাভ পান্ত (ভারত), আম্বাতি রাইডু (ভারত), পিটার হ্যান্ডসকম্ব (অস্ট্রেলিয়া), দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস মরিস (দক্ষিণ আফ্রিকা), জোফ্রা আর্চার (ইংল্যান্ড), মোহাম্মদ আমির (পাকিস্তান), জশ হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) এবং সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ)।
দ্বাদশ ব্যক্তি: আসিফ আলি (পাকিস্তান)।

