লাল সবুজের বাংলাদেশ লাল সবুজের জার্সিতে খেলবে না মেনে নেওয়া যায়? মেনে নিতে পারেনি ভক্ত সমর্থকরা। আর তাইতো উন্মোচন হওয়ার পর থেকেই বেশ সমালোচিত এবারের বিশ্বকাপের ডিজাইনকৃত জার্সিটি।
প্রচলিত লাল-সবুজের মিশেলের বদলে শুধু সবুজ রঙ ব্যবহার করে এবং লাল রঙের অনুপস্থিতিতে জার্সি তৈরি করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ডিজাইনার প্রতিষ্ঠানের সমালোচনা করেন অনেকেই।
সেই সাথে জার্সিটি যে বাংলাদেশকে ধারণ করতে পারে নি, অনেকেই বলেছেন সে কথা। আর তাইতো এত সমালোচনার পর জার্সি পরিবর্তনের কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জার্সি পরিবর্তনের কথা বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভিকে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও একাত্তর টিভি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করে।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপে টাইগারদের জার্সি উন্মোচন করেন নাজমুল হাসান পাপন। জার্সি উন্মোচন অনুষ্ঠানে অধিনায়ক মাশরাফির হাতে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ জার্সি তুলে দেন তিনি।
এরপর জার্সি পরে আনুষ্ঠানিক ফটোসেশন হয়। সেখানে সাকিব ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের ১৪ জন সদস্য অংশ নেন।

