জার্সি পরিবর্তনের জন্য লাগবে আইসিসির অনুমোদন


paperslife

লাল সবুজের বাংলাদেশ লাল সবুজ জার্সি পরে খেলবে না। যে নিয়ে সরগরম বাংলাদেশের ক্রিকেট পাড়া। ভক্তদের রোষানলে পড়ে জার্সি পরিবর্তনের চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সমালোচনা এতটাই তীব্র যে, গতকাল খেলোয়াড়দের আনুষ্ঠানিক ফটোসেশনের পর পরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, জার্সি পরিবর্তনের ঘোষণা দেন। বেশ কিছু জনপ্রিয় সংবাদ মাধম্যে প্রচারিত হয় তার ঘোষণা।

তবে বিষয়টা এত সহজ নয়। এর জন্য লাগবে আইসিসির অনুমোদন, জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘জার্সি বদল করতে আমরা আইসিসিকে জানাব। যেহেতু আগের জার্সির নকশা চূড়ান্ত হয়েছে, তাই চাইলেই বদল করা যায় না। একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।’

জার্সিতে লাল রঙের ছো‍ঁয়া ছিল ছিল বলে জানালেন ইউনুস। তবে আইসিসির বিধিনিষেধের জন্য পরিবর্তন করতে হয়েছে। তিনি বলেন, ‘আমরা লাল রং রাখতে চেয়েছিলাম। প্রথম নকশায় লাল রং ছিল। নাম ও জার্সি নম্বর লাল রঙের ছিল। আইসিসি বলার পর ওটা সরাতে হয়েছে।’

যদি আইসিসির অনুমতি পাওয়া যায়, কেমন হবে নতুন জার্সি? এ ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘নকশা কী হবে, সেটা আমরা পরে বলতে পারব। তবে যে বিষয়টি নিয়ে কথা উঠেছে, সবুজের মধ্যে লাল রং নেই, আমরা পরিবর্তিত জার্সিতে অবশ্যই লাল রং রাখার চেষ্টা করব।’

সমালোচকদের দাবি, বিশ্বকাপের জন্য উন্মোচিত জার্সি বাংলাদেশকে ধারণ করতে পারেনি। এই কারণেই আবার জার্সি বদলের চিন্তা করছে বিসিবি।