সম্প্রতি দেশের ক্রিকেট পাড়ায় চলছে সাকিব চর্চা। দুদিন আগে বাংলাদেশ দলের ফটোসেশনে ছিলেন না তিনি। বিতর্কের কারণ এটা। পরে অবশ্য (গতকাল) ফেসবুকে পোস্ট দিয়ে সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন সাকিবের স্ত্রী।
এদিকে বিতর্কের রেশ না কাটতেই আরেক খবর, আয়ারল্যান্ড সফরের উদ্দেশ্যে আজ সকালে দলের সঙ্গে এক ফ্লাইটে যাননি সাকিব। এখানে অবশ্য সাকিবের কিছু করার নেই।
সাকিব আয়ারল্যান্ডে যাচ্ছেন তার পরিবার নিয়ে। এমিরেটসের যে ফ্লাইটে আজ সকালে বাংলাদেশ দল আয়ারল্যান্ডে গেল, সেটিতে সাকিবের পরিবারের টিকিট পাওয়া যায়নি।
বিশ্বকাপে স্কোয়াডে থাকা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের টিকিট দিয়েছে আইসিসি। আয়ারল্যান্ড সফরে অতিরিক্ত যারা আছেন, তাদের টিকিট কেটেছে বিসিবি। আর পরিবারের টিকিট কাটতে হবে খেলোয়াড়কে।
আর তাই দলের সঙ্গে টিকিট না পাওয়ায় সাকিব পরিবার নিয়ে যাবেন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে।

