ইন্টারনেট সেলিব্রিটি বিড়ালের মৃত্যু


paperslife

পোষা প্রাণী বিড়াল কম বেশি সবারই পছন্দ। মানুষের এমন পছন্দের তালিকায় ছিল ‘গ্রাম্পি ক্যাট’। ছোট্ট একটা বিড়াল। চোখে মুখে গাম্ভীর্যের বহিঃপ্রকাশ যা সবার নজর কাড়ে।

গ্রাম্পি ক্যাট তার আচরণের জন্য ইন্টারনেট জগতে অনেক বেশি পরিচিত। গ্রাম্পি ক্যাটের আসল নাম ‘টারদার সস’। তার গাম্ভীর্য আর রাগী ভাবের জন্য নাম হয়েছিল ‘গ্রাম্পি ক্যাট’।

গ্রাম্পি ক্যাট এতটাই জনপ্রিয় ছিল ছবি থেকে ভিডিও শেয়ার করলেই পড়ত হাজার হাজার লাইক। মানুষের ভালবাসা পেয়ে রীতিমতো স্টার সেলিব্রিটি হয়ে উঠেছিল। এমনকি তার সঙ্গে ছবি তুলেছেন স্ট্যান লি, জেনিফার লোপেজদের মতো তারকারা।

সবার প্রিয় গ্রাম্পি লাখ লাখ ভক্তকে কাঁদিয়ে মারা গেছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি পরিবারের বিড়ালটি মাত্র ৭ বছর বয়সে মৃত্যু হয়েছে। গ্রাম্পির আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ও অসংখ্য অনুরাগী।

সম্প্রতি বিড়ালটির মৃত্যুর খবরটি প্রকাশ হয়েছে। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল সাইটে শোকপ্রকাশ করেছেন অনেকেই।

বিড়ালটির মালিক জানিয়েছেন, ‘অত্যন্ত আদরেই তাদের কাছে থাকত ও। বিড়ালটির মৃত্যুতে তারা সবাই শোকাহত। তাদের পরিবারেরই এক সদস্য ছিল। তাদের সন্তানের মতো।’

তিনি আরও জানান, সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিল ওই বিড়ালটি। পরীক্ষানিরীক্ষার পর মূত্রে সংক্রমণ ধরা পড়েছিল তার। চিকিৎসাও চলছিল গ্রাম্পির। অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না গ্রাম্পিকে।

২০১২ সালে প্রথম একটি ছবি পোস্ট হয় গ্রাম্পি ক্যাট খ্যাত বিড়ালটির। হাবভাবের জন্য প্রথম ছবি প্রকাশ্যে আসার পরেই সকলের নজরে পড়ে এই বিড়াল।

এরপর সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসে তার একাধিক ছবি। তারপর থেকেই জনপ্রিয়তা বাড়তে থাকে ইন্টারনেট দুনিয়ায়। গ্রাম্পির গম্ভীর চালচলনে মজা পেত সবাই।

২০১৪ সালে তাকে নিয়ে তৈরি করা হয়েছিল একটা সিনেমাও। ছবির নাম ‘Grumpy Cat’s Worst Christmas Ever’। ওই ছবির নাম ভূমিকায় অভিনয়ও করেছিল বিড়ালটি। এছাড়া তার ছবি নিয়ে তৈরি হয়েছে অ্যালবাম, খেলনা, আরও কত কী!

নেটদুনিয়ায় বিড়ালটির ভক্তের অভাব নেই। ফেসবুকে গ্রাম্পির ফলোয়ার ৮৫ লাখ, ইনস্টাগ্রামে ২৫ লাখ আর টুইটারে ফলোয়ারের সংখ্যা ১৫ লাখের বেশি।

সবাইকে শোকের সাগরে ফেলে রেখে ‘গ্রাম্পি ক্যাট’ চলে গেল অজানা দেশে। আর দেখা হবেনা তার ভাবগাম্ভীর্যের দৃশ্য। লাখ লাখ ফলোয়ারের জন্য আর কোন নতুন ছবি আসবেনা।