অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিজের পুরোনো অবস্থানে ফিরে গেছেন সাকিব আল হাসান।
রশিদ খানকে সরিয়ে আবার ওয়ানডেতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন এই অলরাউন্ডার। এর ফলে সেরা অলরাউন্ডার হয়েই বিশ্বকাপ মাতাবেন সাকিব।
অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠা সাকিব আল হাসানের জন্য নতুন কিছু নয়। বরং এই জায়গাটা একপ্রকার নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন তিনি।
বড় বড় নামকে পিছনে ফেলে শীর্ষস্থানে অবস্থান করেছেন বেশ দীর্ঘ সময় ধরেই। কখনো এক ধাপ নীচে নামলেই আবার পরক্ষণেই পুনরুদ্ধার করতেন নিজের জায়গাটা।
গত সেপ্টেম্বরে জায়গাটা হারান আফগানিস্তানের লেগি রশিদ খানের কাছে। ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে সাকিব আবারও ফিরলেন শীর্ষস্থানে।
গতকাল ওয়ানডের হালনাগাদ করা র্যাঙ্কিং তালিকায় শীর্ষস্থান দখল করেন বাংলাদেশের এ তারকা।
ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৩৫৯। দুইয়ে নেমে যাওয়া রশিদ খানের রেটিং পয়েন্ট ৩৩৯।
৩১৯ রেটিং পয়েন্ট তিনে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। শীর্ষ পাঁচের মধ্যে বাকি দুজন—পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।
২০৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে ২৬তম।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন মুশফিকুর রহিম। ৬৯৫ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ২০তম। ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তামিম ইকবাল ২২ তম।
বোলারদের র্যাঙ্কিংয়ে মোহাম্মদ নবী, লকি ফার্গুসনের সঙ্গে যুগ্মভাবে ১৯তম অবস্থানে সাকিব।
বাংলাদেশিদের মধ্যে সেরা বোলার মোস্তাফিজুর রহমান। ৬৪৫ রেটিং পয়েন্ট নিয়ে যার অবস্থান ১১তম। মেহেদী হাসান মিরাজ আর মাশরাফি বিন মুর্তজা যথাক্রমে ২২ ও ২৪তম।

