হার দিয়ে এবার কোপা আমেরিকা শুরু করে দ্বিতীয় ম্যাচে ড্র করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল লিওনেল স্কালোনির দল। আজ দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মেসিরা।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে লিওনেল মেসির গোলে সমতায় ফেরার সঙ্গে ১ পয়েন্ট তুলে নিতে পেরেছে আর্জেন্টিনা।
প্রথমে বেশ ছন্দেই খেলা শুরু করেছিল আর্জেন্টিনা। লিয়ান্দ্রো পারেদেস, জিওভান্নি ল চেলসোর সঙ্গে লিওনেল মেসির রসায়নটা জমেছিল বেশ। কিন্তু মিনিট বিশেক পর থেকে আর্জেন্টিনার কঙ্কালসার চেহারা বের হয়ে যায়। আর এর পেছনে প্যারাগুয়ের খেলোয়াড়দের শরীরনির্ভর খেলাও ভূমিকা রেখেছে।
৩২ মিনিটে লিওনেল মেসি সহজ একটা সুযোগ নষ্ট করেন। একদম বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল আর্জেন্টিনা। বার্সেলোনার হয়ে এই মৌসুমে এমন জায়গা থেকে ফ্রি-কিকে মুড়ি-মুড়কির মতো গোল করাটাকে অভ্যাসে পরিণত করা মেসি আলতো করে বল তুলে দিলেন প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে!
গোল না খেয়ে প্যারাগুয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচে, নতুন উদ্যমে আক্রমণ করা শুরু করে। আর তারই সুফল পায় ৩৭ মিনিটে। ম্যাচে এগিয়ে যায় প্যারাগুয়ে।
বাঁ প্রান্তে নিজেদের অর্ধে সতীর্থের পাস পেয়ে দুর্দান্ত গতিতে বাইলাইন ধরে ছুটে যান প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। গত জানুয়ারিতে এই আলমিরনকে পাওয়ার জন্যই ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড তাদের ইতিহাসের সবচেয়ে বেশি খরচ করে। সেটা যে অমূলক ছিল না, মানসম্মত খেলা দেখিয়ে আজকে সেটা বুঝিয়েছেন তিনি।
আর্জেন্টিনা এ গোল শোধ করেছে দ্বিতীয়ার্ধে, ম্যাচের ৫৭ মিনিটে। প্যারাগুয়ের বক্সে হাফ ভলি শট নিয়েছিলেন স্ট্রাইকার লওতারো মার্টিনেজ। বল গিয়ে লাগে প্যারাগুয়ে ডিফেন্ডার ইভান পিরিসের হাতে। শটটার গতি এতই বেশি ছিল, হাতে লেগেও গোলমুখে চলে যায়। পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল মেসির কাছে আসলে তিনিও এক দুর্দান্ত শট নেন, কিন্তু সেই শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক রবার্তো গাতিতো ফার্নান্দেজ।
কিন্তু এত কিছুর আগে ওই যে পিরিসের হাতে বল লেগেছিল! সে কারণেই পেনাল্টির আবেদন করেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান মাঠের রেফারি।
যদিও পেনাল্টির সিদ্ধান্তটা অনেকটাই লঘু পাপে গুরুদন্ডের মতোই হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে মেসি সুযোগটা হাতছাড়া করেননি। সমতায় ফেরার পাশাপাশি ১ পয়েন্ট নিয়ে ফেরে আর্জেন্টিনা।

