হ্যাটট্রিক, বিজয়, যুবাদের দাপট!


হ্যাটট্রিক, বিজয়, যুবাদের দাপট!

বয়সভিত্তিক দলটি বরাবরই ভয়ংকর। প্রতিপক্ষের জন্য বিপজ্জনকও বটে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এর এবারের দলটি অন্য সময়ের চেয়ে একটু ব্যতিক্রম। তারা সবসময় জয়ের জন্য লড়ে, বিজয়ের জন্য খেলে! কোনো দলকেই যেয়ে ছাড় দেওয়ার পাত্র নয় ওরা।

তার প্রমাণ মিলেছে যুব বিশ্বকাপের প্রথম ম্যাচেই। জিম্বাবুয়ের বিপক্ষে ১৩১ রানের লক্ষ্য তারা পেরিয়ে গিয়েছিল মাত্র ১১ ওভারেই। এবারের যুব বিশ্বকাপের অন্যতম ফেভারিট যে বাংলাদেশ, তার ছাপ রেখে দ্বিতীয় ম্যাচে আরো ভয়ংকর। ৭ উইকেটে স্কটল্যান্ডকে হারিয়ে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আকবর আলী, তৌহিদ হৃদয়রা।

এই ম্যাচে হ্যাটট্রিক করে সবার চেয়ে একটু উপরে বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। মূলত রকিবুল, তানজিম সাকিব, শরীফুলদের বোলিং তোপে প্রথমে ব্যাট করে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় ইউরোপের দেশটি।

স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন সৈয়দ শাহ। এছাড়া জেমি ক্যারিন্স করেন ১৭ রান। ২৩ তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে কেস সাজ্জাদকে বোল্ড, লেইল রবার্টসনকে এলবিডব্লিউ এবং চার্লি পিটকে বোল্ড করার নিজের হ্যাট্রিক পূরণ করেন তরুণ স্পিনার রকিবুল।

হ্যাটট্রিকসহ চার উইকেট নেন রকিবুল, এছাড়া তানজিম সাকিব ও শরিফুল ইসলাম দুটি করে এবং মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামীম হোসেন একটি করে উইকেট লাভ করেন।

৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার পারভেজ হাসান ইমন ১৫ বলে ২৫ রানের ক্যামিও খেলে আউট হন। এরপর শামীম হোসেন ১০ রানে আউট হলেও তৌহিদ হৃদয়ের ১৭ ও মাহমুদুল হাসান জয়ের ৩৫ সহজেই জয়ের বন্দরে নিয়ে যায় জুনিয়র টাইগারদের।

জিম্বাবুয়েও স্কটল্যান্ডকে সহজে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত বাংলাদেশের। গ্রূপপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।