চ্যাম্পিয়নস লিগের আগামী দুই মৌসুম ম্যানচেস্টার সিটি নিষিদ্ধ


চ্যাম্পিয়নস লিগের আগামী দুই মৌসুম ম্যানচেস্টার সিটি নিষিদ্ধ
during the Premier League match between Manchester City and Tottenham Hotspur at the Etihad Stadium on January 21, 2017 in Manchester, England.


আর্থিক অনিয়মের দায়ে ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় আগামী দুই মৌসুমের জন্য ম্যানচেস্টার সিটিকে নিষিদ্ধ করা হয়েছে।

উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় এই শাস্তি পেতে হয়েছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।

ক্লাবের আর্থিক দিকগুলো সঠিকভাবে না সামলানোর দায়ে এ হুমকি বারবার শুনেছে তারা। গত মাসে সিটির আগের আর্থিক অনিয়ম নিয়ে প্রতিবেদনও করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। এবার নিষিদ্ধ হওয়ার শঙ্কাটা সত্যি সত্যিই ফলে গেল! ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতা থেকে আগামী দুই মৌসুমের জন্য সিটিকে নিষিদ্ধ করেছে উয়েফা। অর্থাৎ চ্যাম্পিয়নস লিগের আগামী দুই মৌসুমে খেলতে পারবে না ইংলিশ ক্লাবটি।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছিলো, সিটির আর্থিক হিসেবে বাংলাদেশি মূল্যমানে ১ হাজার ৩২১ কোটি টাকার এ গরমিল ধরে ফেলেছে উয়েফা।

নিষিদ্ধ করার পাশাপাশি সিটিকে ৩ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭৬ কোটি টাকা) জরিমানাও করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

ইউরোপের ক্লাব প্রতিযোগিতায় ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছে ম্যানচেস্টারের ক্লাবটি। তবে উয়েফার এ রায়ের বিপক্ষে আপিল করা যাবে।

সিটির পক্ষ থেকে বলা হয়েছে, উয়েফার এ রায়ে তারা ‘হতাশ হলেও বিস্মিত হয়নি’। তবে ‘অপরিপক্ব’ এ রায়ের বিপক্ষে সিটি আপিল করবে বলে জানিয়েছে বিবিসি।

ক্লাব নিবন্ধন ও আর্থিক সংগতি নীতিতে সিটি ‘মারাত্মক আইন লঙ্ঘন করেছে’ বলে মনে করে উয়েফা। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে সিটির স্পনসরশিপ রাজস্ব থেকে আয়কৃত আর্থিক হিসেবে গড়মিল পেয়েছে উয়েফার আর্থিক সংগতি নীতি নিয়ন্ত্রক সংস্থা।