করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে বসবাসরত এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আক্রান্ত ওই রোগীর আশঙ্কাজনক অবস্থার কথা সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান তাকে অবহিত করেছেন বলে জানান মন্ত্রী।
গতকাল বুধবার(১৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ওআইসির সংস্কার নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত চারজন বাংলাদেশীর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তার বয়স ৩৯ বছর।
জানা যায় তিনি বেশ কিছুদিন ধরেই অন্যান্য রোগের জটিলতায়ও ভুগছিলেন। এর মধ্যে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ১৩ দিন ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। সিঙ্গাপুরের চিকিৎসকরা এ রোগীকে সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল থেকে তার শরীরে কোনো ওষুধ কাজ করছে না। তাকে চিকিৎসাসেবা দেয়ার জন্য যা করা যায়, সিঙ্গাপুর তা করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। শুধু তিনি নন, সেখানে যেসব বাংলাদেশী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, তাদের সবার চিকিৎসা খরচ সিঙ্গাপুর বহন করবে।

