আজ ২১শে ফেব্রুয়ারি, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
১৯৫২ সালের এইদিনে মায়ের ভাষার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা উপেক্ষা করে বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউলরা।
জাতি আজ সেই অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। ব্যতিক্রম নয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-তামিম ইকবালরা।
ক্রিকেট থেকে নির্বাসিত হলেও আলো হারাননি সাকিব আল হাসান। ভোলেননি নিজ ভাষার জন্য জীবন দেওয়া সেসব যোদ্ধাদের। ভাষা শহীদদের স্মরণে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষাসৈনিকদের। তাদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।’
মুশফিকুর রহিম নিজেকে গর্বিত বাঙালি মনে করেন, ‘আমি বাংলায় কথা বলি…আমি একজন গর্বিত বাঙালি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই।’
তামিম ইকবাল তার ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সব ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ‘
সৌম্য সরকার সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এইভাবে, ‘সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’

