গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পাঁচ জন নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় মেলেনি বলে জানিয়েছেন ফরিদপুর জেলার ভাঙ্গার হাইওয়ে থানার ওসি আতিউর রহমান।
দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে আগুন লেগেছিল বলে জানিয়েছেন মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাশার।
তিনি বলেন, ওই প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে এতে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত দুই জনকে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

