ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দিঘায় ধরা পড়েছে বিশাল আকৃতির এক চিলশঙ্কর মাছ। মাছটির ওজন প্রায় ৬০০ কেজি।
জানা যায়, ২৯ ফেব্রুয়ারি কাঁথির শৌলায় আলআমিন-৩ নামের ট্রলারের মৎস্যজীবীদের জালে এ বিশালাকার মাছটি ধরা পড়ে। সোমবার (০২ মার্চ) দিঘা মোহনার মাছের বাজারে মাছটি আনা হয়। মাছটি আজকেই নিলামে বিক্রি করা হয়েছে।
জেলেদের কাছ থেকে জানা যায়, চিলশঙ্কর মাছ সাধারণ বাজারে খাওয়ার জন্য বিক্রি হয়। তবে এতবড় মাছ বাজারে আসার আগাম খবর পেয়ে ব্যাপক উৎসাহ ছিল ব্যবসায়ী থেকে অন্যান্য মৎস্যজীবীদের মধ্যেও।
মাছটি দিঘা মোহনা বাজারে আসার আগাম খবর পেয়ে অনেক পর্যটক থেকে ব্যবসায়ীরা সেটি দেখার জন্য অপেক্ষা করছিলেন। একটি গাড়িতে করে মাছটিকে বাজারে নিয়ে আসার পরেই সেটির ছবি তুলতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।
সবার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এতবড় মাছ আর সেলফি তোলার ভিড় জমবে না, তা হয় নাকি। মাছটি আড়তে আসার সাথে সাথেই সেলফি তোলার হিড়িক পড়ে যায়।

