নিষেধাজ্ঞার কারণে দলে নেই সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরণের ক্রিকেট থেকে দূরে আছেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।
স্বীকৃত ক্রিকেটে খেলার সুযোগ না থাকলেও চ্যারিটি ম্যাচে মাঠে নামার সুযোগ আছে। সেই হিসেবে সাকিবকে আবারো দেখা যাবে মাঠে।
আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মুখোমুখি হবে মেলবোর্ন ও সিডনি। দাতব্য উদ্দেশে আয়োজিতব্য ম্যাচটির নামকরণ ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টব্যালম যার টিকিট বিক্রিও ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
এই ম্যাচে সাকিব খেলবেন মেলবোর্নের হয়ে। অস্ট্রেলিয়ায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ম্যাচটি নিয়ে বাড়তি উন্মাদনা কাজ করছে। সাকিবকে আরো একবার মাঠে দেখতে প্রবাসীদের টিকিট সংগ্রহের ধুম পড়েছে।
উল্লেখ্য, জুয়াড়ির কাছ থেকে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাওয়ার পর বিষয়টি লুকিয়েছিলেন সাকিব আল হাসান। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা গত ২৯ অক্টোবর সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করে।
এই একবছর কোনো ধরণের স্বীকৃত ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ থাকছে না সাকিব আল হাসানের জন্য। তবে স্বীকৃত না এমন ম্যাচ বা টুর্নামেন্ট খেলতে বাঁধা নেই। তারই ধারাবাহিকতায় সাকিব আবারো মাঠে নামছেন।

