জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আন্তর্জাতিক ক্রিকেটসহ সবধরনের ক্রিকেটে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নতুন খবর হচ্ছে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই ক্রিকেট মাঠে নামছেন তিনি। আগামী ২৮ মার্চ ব্যাট-বল হাতে ম্যাচ খেলবেন সাকিব।
জানা গেছে, একটি চ্যারিটি ম্যাচ খেলতে শিগগির মাঠে নামছেন। আগামী ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্নের মুখোমুখি হবে সিডনি। সেই ম্যাচে মেলবোর্নের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দাতব্য ম্যাচটির নামকরণ করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টিভ্যাল। ইতিমধ্যে এর টিকিট বিক্রি শুরু হয়েছে।
তবে এ ধরনের ম্যাচ খেলতে বাধা নেই তার। আইসিসি সাকিবের ওপর ২ বছরের নিষেধাজ্ঞার খড়গ ঝুলায় গেল বছর অক্টোবরে। তবে দায় স্বীকার করে নেয়ায় ১ বছর শিথিল করা হয়। সবকিছু ঠিক থাকলে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারেন সাকিব আল হাসান।

