করোনার কারণে আইপিএল বাতিলের সম্ভাবনা


ipl#paperslife

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু হওয়ার কথা ২৯ মার্চ ২০২০। কিন্তু করোনাভাইরাসের আতঙ্কের ফলে আইপিএল এর সূচি বদলে যেতে পারে। ভারতজুড়ে কোভিড-১৯ রোগ নিয়ে যে আতঙ্ক ছড়াচ্ছে, তাতে ভারত সরকার এ ব্যাপারে কঠিন সিদ্ধান্তও নিতে পারে। গত শনিবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী সংবাদকর্মীদের সে ইঙ্গিত দিয়ে রেখেছেন।

স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানান, ‘যখন এক স্থানে অনেক লোক জড় হয়, তখন সংক্রামক রোগ ছড়ানোর আশঙ্কা দেখা দিতে পারে।

তিনি আরো বলেন, এমন ইভেন্ট (আইপিএল) চাইলেই পরেও আয়োজন করা যায়।

তোপের এ মন্তব্য সামাজিক যোগাযোগ-মাধ্যমে ঝড় তুলে দিয়েছে। বিশেষ করে কিছুদিন আগেই যেহেতু গাঙ্গুলী সবাইকে আইপিএল নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করে দিয়েছেন। গাঙ্গুলী বলেছিলেন, আমরা সব ধরনের ব্যবস্থা নেব। আমি এখনো জানি না সেগুলো কী, চিকিৎসক দলই এ ব্যাপারে আমাদের জানাবে, আমাদের মেডিকেল দল এর মাঝেই হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করছে, যাতে সবকিছু হাতের নাগালে থাকে।’

মুম্বাই ইন্ডিয়ানসের ভেন্যুতেই হবে আইপিএলের ফাইনাল। আর বিশ্বজুড়েই মার্চ মাসের সব খেলা স্থগিত করে দেওয়া হচ্ছে একে একে। এর মাঝেই ২৬ মার্চ ভারতের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে। ফলে আইপিএল নির্দিষ্ট সময়ে শুরু হওয়া কঠিন হবে এবার। ২০২০ সালের আইপিএল হবে কি না, এ নিয়ে শঙ্কা শুরু হয়ে গেছে।