বিশ্বকে থমকে দেওয়া করোনাভাইরাস স্থবির করে দিয়েছে ক্রীড়াজগতকেও। সম্প্রতি করোনার সর্বকনিষ্ঠ শিকার হিসেবে মাত্র ২১ বছর বয়সে মারা গেছেন স্পানিশ কোচ ফ্রান্সিসকো গার্সিয়া। এবার খবর পাওয়া গেল, লা লিগার একটি দলের প্রায় ৩৫ শতাংশই করোনায় পজিটিভ।
লা লিগারই বড় ক্লাবগুলোর একটি ভ্যালেন্সিয়া। এক বিব্রিতিতে ক্লাবটি জানায়, তাদের দলের পাঁচজন কোভিড-১৯ আক্রান্ত। এর মধ্যে আছেন আর্জেন্টিনার ইজেকুয়েল গ্যারে এবং ফ্রান্সের ইলিয়াকুইম ম্যাঙ্গালা। তারা দুজনই ভাইরাস আক্রান্তদের সঙ্গে মিশেছিলেন। এছাড়া স্টাফদের মিলিয়ে নয়জনের মতো আক্রান্ত হয়েছেন করোনায়।
গত মাসে চ্যাম্পিয়নস লিগে আটলান্টার বিপক্ষে ম্যাচ খেলতে মিলানে গিয়েছিল ভ্যালেন্সিয়া। সান সিরো স্টেডিয়াম পুরোটাই ছিল দর্শকে ঠাসা। তখন পর্যন্ত ইতালিতে জনসমাগম নিষিদ্ধ হয়নি।
ভ্যালেন্সিয়া জানায়, ‘চ্যাম্পিয়নস লিগ ম্যাচের পর শক্তভাবে নিয়ম কানুন আরোপ করা হয় ক্লাবের ওপর। কিন্তু সর্বশেষ ফলাফলে দেখা গেছে, এই ধরনের ম্যাচ খেলতে যাওয়ার পর প্রায় ৩৫ শতাংশ করোনা টেস্টে পজিটিভ হয়েছেন।’
অথচ যারা পজিটিভ হয়েছেন, তাদের কারোরই আগে দৃশ্যমান কোনো লক্ষণ ছিল না বলে জানায় ক্লাব কর্তৃপক্ষ, ‘সবার বেলায়ই লক্ষণ প্রকাশ পায়নি। তাদের এখন ঘরে আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসা চলছে, ট্রেনিং পরিকল্পনার বাইরে রাখা হয়েছে তাদের’।

