এবার রাজধানীর টোলারবাগে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তার নমুনা সংগ্রহ করে। আজ বিকেলে কুর্মিটোলা হাসপাতাল থেকে জানানো হয় তিনি করোনাভাইরাসে আক্রান্ত।
এছাড়াও আরও জানা যায়, টোলারবাগে গতকাল রাতে যে ব্যক্তি মারা গেছেন, তার সাথে আজ যিনি মারা গেছেন তিনি থাকতেন তাদের পাশের ভবনে।
মৃত ব্যক্তির স্বজনেরা জানান, ওই ব্যক্তির দুদিন ধরে কাশি হচ্ছিল। এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গতকাল শনিবার তাকে নিয়ে যাওয়া হয়।
ওখানে কিছু নমুনা সংগ্রহের পর চিকিৎসকেরা বাসায় পাঠিয়ে দেন। সকালে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। আজ বিকেল থেকে তার শরীর আবার খারাপ হতে থাকে। একপর্যায়ে শ্বাসকষ্টে তিনি অচেতন হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স ডাকার পর রোগীর উপসর্গ শুনে অ্যাম্বুলেন্সচালক তাকে হাসপাতালে নিতে অস্বীকৃতি জানান। পরে তারা আরেকটি অ্যাম্বুলেন্স ডেকে কুর্মিটোলায় যান। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

