এবার আক্রান্ত করোনা রোগীর চিকিৎসক



মিরপুরের টোলারবাগের এক করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীর চিকিৎসা করার পর ডেল্টা মেডিকেল কলেজে এন্ড হসপিটালের একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডেল্টা হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন ৩০ বছর বয়সী ওই চিকিৎসক।

আজ রোববার (২২ মার্চ) তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ডক্টর’স ফাউন্ডেশনের প্রধান প্রশাসক ডা. নিরুপম দাস।

তিনি বলেন, আজ (রোববার) তার (ওই চিকিৎসকের) ভাইরাস ইনফেকশনের প্রতিবেদন এসেছে। বর্তমানে রাজধানীর বাসাবো এলাকায় নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। দ্রুতই তাকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নেয়া হবে।

এর আগে ডেল্টা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের ৪ জন চিকিৎসক, ১২ জন নার্স এবং ৩ জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। গত ২০ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসায় নিয়োজিত ছিলেন তারা।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ২৭ জনের কথা জানিয়েছিলেন তিনি। এই চিকিৎসককে ধরে সেই সংখ্যা দাঁড়ালো ২৮ জনে।