আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে প্রথম ২০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন আব্দুর রাজ্জাক। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই স্পিনার এখন নেই জাতীয় দলে। আনুষ্ঠানিক অবসর না নিলেও জাতীয় দলে ফেরার সুযোগ নেই। জাতীয় দলের এ তারকা ক্রিকেটারকে নির্বাচক হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে এখনই ক্রিকেট ছাড়তে চান না রাজ্জাক। এ বিষয়ে তিনি বলেন, আমি বিসিবিকে এখনও কিছু জানাইনি। সময় নিয়েছি। সময় লাগবে। এখন বললাম, এখনই ক্রিকেট ছেড়ে দিলাম। এই একটা ব্যাপার তো আছেই। তাছাড়া এখন লিগ চলছে। ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানতে চাওয়া হয়েছে আমি আগ্রহী কি না, কতদিন খেলার ইচ্ছা আছে। এভাবে তো হুট করে বলা যায় না যে, কতদিন খেলব কিংবা খেলব না।
রাজ্জাক আরও বলেন, অবশ্যই নির্বাচক হিসেবে কাজ করার ইচ্ছা আছে। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের পর চিন্তা করব। এখন এ বিষয়ে চিন্তা করলে খেলার ওপর প্রভাব পড়বে। আমি একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। সেই দায়বদ্ধতা রয়েছে। তবে অবশ্যই আমি এই প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছি।
রাজ্জাককে নির্বাচক হওয়ার প্রস্তাব দেয়া প্রসঙ্গে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, কয়দিন আগে হাবিবুল বাশারের সঙ্গে আব্দুর রাজ্জাক প্রসঙ্গে আলোচনা করছিলাম। নির্বাচক হওয়ার জন্য ওর আগ্রহ আছে কি না জানার জন্য। হাবিবুল বাশার এই বিষয়ে রাজ্জাককে জিজ্ঞেস করেছেন।
জাতীয় দলের হয়ে ১৫৩টি ওয়ানডে, ৩৪টি টি-টোয়েন্টি আর ১৩টি টেস্ট সবমিলে ২০০ ম্যাচে ২৭৯ উইকেট শিকার করেন তিনি।

