করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়েছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ইভেন্ট অলিম্পিক।
গেমসটি পিছিয়ে দেয়ায় পুরুষ ফুটবলে বয়সসীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়া (এফএফএ)।
এক বিবৃতিতে এফএফএ জানায়, স্থগিত হয়ে যাওয়া টোকিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ পুরুষ ফুটবলের বয়সসীমা অনূর্ধ্ব-২৪ করার আহবান জানাচ্ছি, যাতে এবারের অনূর্ধ্ব-২৩এর সকল খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নিতে পারে। কারণ এক বছর পর তাদের বয়স ২৪ হবে।
এফএফএর প্রধান নির্বাহী জেমস জনসন বলেন, ‘এক বছর পিছিয়ে যাওয়ায় বয়সের সামঞ্জস্য করতে টোকিও অলিম্পিক গেমসে পুরুষদের টুর্নামেন্টটি অনূর্ধ্ব-২৪ করার জন্য আমরা ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সাথে খোলাখুলিভাবে আলোচনা করতে চাই।’
জাপানের টোকিওতে আগামী ২৪ জুলাই শুরু হওযার কথা ছিল অলিম্পিক গেমসের। কিন্তু করোনাভাইরাসের কারণে এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। এক বছর পিছিয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। কিছু খেলোয়াড় বয়সের সীমাবদ্ধতার কারণে আগামী অলিম্পিকে অংশ নিতে পারবে না বা অনেকেই ফর্ম ও ফিটনেস হারাতে পারে।
পেপারস লাইফ/স্পোর্টস ডেস্ক

