২০১৭ সালের জুলাই মাসে জার্মান ক্লাব ওয়েডের ব্রেমেনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নেমেছিলেন তরুণ ডাচ ফুটবলার আব্দুল হক নুরি। কিন্তু মাঠের মধ্যেই কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যাটাক হয় তার।
এ সময় সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।যার ফল হিসেবে প্রায় ৩৩ মাস কোমায় ছিলেন এই ফুটবলার।
অবশেষে জ্ঞান ফিরেছে তার। জীবনের প্রায় তিনটি বছর হারিয়ে চোখ মেলেছেন তিনি।
এ খবর নিশ্চিত করেছেন নুরির ভাই আব্দুর রহীম। তিনি জানিয়েছেন, কোমা থেকে জ্ঞান ফেরার পর চোখের ভ্রু নাচিয়ে কথা বলেন নুরি। এছাড়া টিভিতে ফুটবল ম্যাচ দেখানো হলে শারীরিক উপস্থিতিও জানান দেন এ তরুণ ফুটবলার। তবে তার বাবা মোহাম্মদ এখনও নিশ্চিন্ত হতে পারছেন না। আরও বেশি করে যত্ন নিতে চান ছেলের।
উল্লেখ্য, নেদারল্যান্ডসের সবকয়টি বয়সভিত্তিক দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে জাতীয় দলের অভিষেকটাও হয়ে যেত তার।
পেপারস লাইফ/স্পোর্টস ডেস্ক

