করোনাভাইরাস সংক্রামণ ঠেকাতে অনির্দিষ্টকালের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নাগরিক এবং অস্ট্রেলিয়ার বাসিন্দা ছাড়া আর কারও এখন সে দেশে যাওয়ার উপায় নেই। আর তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ভারতের অস্ট্রেলিয়া সফর এখন প্রশ্নের মুখে।
অস্ট্রেলিয়ার সীমান্ত কত দিন বন্ধ থাকে, তার উপরে নির্ভর করে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। অস্ট্রেলীয় সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিদেশিদের অস্ট্রেলিয়ায় আসার ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, তা ৬ মাস কী তার বেশিও থাকতে পারে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ১৮ অক্টোবর। ভারত তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে একটি ত্রিদেশীয় প্রতিযোগিতা খেলবে। অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক সীমান্ত যদি ৬ মাস বন্ধ থাকে, তা হলে অক্টোবরের আগে কোনও বিদেশি অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবে না।
সেটা হলে পিছিয়ে দিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সব কিছুই এখন অনিশ্চয়তার মোড়কে ঢাকা।

